 |
| দোহার-নবাবগঞ্জের আটক আওয়ামীলীগ নেতাকর্মী। ছবি: সংগৃহীত |
নিউজ ডেস্ক:
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া নাশকতা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক দল অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
দোহার থানার অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। পরে তাদের আদালতে পাঠানো হয়। আদালতে নেওয়ার সময় কয়েকজন আসামি জয়বাংলা স্লোগান দেন বলে জানা গেছে।
দোহার সার্কেলের জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে নবাবগঞ্জ থানার পৃথক অভিযানে যুবলীগ, আওয়ামী লীগ ও তাঁতীলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২ জুন রাত থেকে ৩ জুন সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে থানার একাধিক কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
পুলিশের দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।